কুমিল্লায় মরিয়ম বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তার শ্বশুর, শাশুড়ি ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গৃহবধূ মরিয়মের শ্বশুর আবদুল মমিন, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর মো. নিজাম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি ও নিহত মরিয়মের স্বামী আবদুল মতিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বাদিপক্ষের আইনজীবী ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামে গৃহবধূ মরিয়ম বেগমকে গলাটিপে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সোলেমান মিয়া বাদি হয়ে নাঙ্গলকোট থানায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রোববার ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আইনজীবী মো. ইকরাম হোসেন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এ রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছি।
আরিফ আজগর/এমটিআই
