মানিকগঞ্জের দৌলতপুরে বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করেন তারা।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্যের নাম মো. করিম মিয়া। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং ঢাকা জেলা পুলিশের অধীনে দোহার সার্কেল অফিসে কর্মরত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের নাগরপুর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ-৩৩২১৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে করে একটি বেসরকারি ব্যাংকের কাস্টমার অফিসার মো. সাগর আলীকে উঠানোর সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান।
এ সময় ব্যাংক কর্মকর্তা সাগর আলী স্থানীয়দের জানান, তাকে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে স্থানীয়রা গাড়িতে থাকা মো. করিম মিয়াকে আটক করতে সক্ষম হন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক করিম মিয়াকে হেফাজতে নেয়। একই সঙ্গে কথিত অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, এই বিষয়ে কোন অভিযোগ আমার কাছে নাই। কেউ কোন অভিযোগ দেয়নি তারা আপোষ মিমাংসা করে চলে যাচ্ছে। এদের বাড়ি নাগরপুর, পাশাপাশি বাড়ি তাদের। পূর্ব থেকেই বিরোধ ছিলো তাদের। তাদের কাউকেই আটক করা হয়নি। দুই পক্ষই থানায় এসে আপোষ মিমাংসা করে চলে গিয়েছেন।
সাইফুল ইসলাম/এমটিআই
