বান্দরবান যেহেতু দেশের একটি পিছিয়ে পড়া জেলা, তাই এ জেলাকে এগিয়ে নিতে এখানে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা প্রয়োজন। কোনো দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে বান্দরবানে না পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বান্দরবানে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বান্দরবানের মানুষের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনে যোগ্য ও জনবান্ধব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া জরুরি। সঠিক নেতৃত্ব ও দক্ষ প্রশাসনের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, এনসিপি বান্দরবানের সকল জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ চাই। পাহাড়ের প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। বান্দরবানের উন্নয়নে কোনো সম্প্রদায়কে পিছিয়ে রেখে নয় বরং সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।
সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহসানুল আলম রুমু/এমটিআই
