সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাসব্যাপী এ প্রশিক্ষণে তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার ৩০ জন যুবক অংশ নিচ্ছেন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
প্রশিক্ষণ উদ্বোধন করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইলেকট্রিক হাউজ ওয়্যারিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি অধিনায়ক প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি একটি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নুর হাসান/এমটিআই
