নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে মাছ ধরার বাঁশের ফাঁদ (বাঁইড়) তুলতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হওয়া রানা মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
রবিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বারইতাতিয়র গ্রামের বাড়ির সামনের কংস নদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের মো. হাতিম মিয়ার ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রানা মিয়া নদে পেতে রাখা বাঁশের ফাঁদ তুলতে পানিতে ডুব দেন। তবে ডুব দেওয়ার পর তিনি আর পানি থেকে উঠে আসেননি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা বারহাট্টা ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পেয়ে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ২০-২৫ মিটার দূরে এবং ২৫-৩০ ফুট গভীর পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার নুরুল আলম খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় গভীর পানি থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধার করা মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য ফকিররা বাজার পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
চয়ন দেবনাথ মুন্না/এমটিআই
