বিজ্ঞাপন

সখীপুরে আ.লীগ নেতার বাড়ির পাশ থেকে ৫৫টি শালগজারি গাছের গুঁড়ি উদ্ধার

সখীপুরে আ.লীগ নেতার বাড়ির পাশ থেকে ৫৫টি শালগজারি গাছের গুঁড়ি উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশ থেকে অবৈধভাবে কেটে রাখা ৫৫টি শালগজারি গাছের গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় স্থানীয় একটি মসজিদ কমিটির সেক্রেটারিসহ কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রাঁমখা বাংলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা গাছের গুঁড়িগুলো পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর একলাস হায়াত সরোয়ারের বাড়ির পাশ থেকে জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতৈল রেঞ্জের এমএম চালা বিট ও কচুয়া বিটের বন কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫ খণ্ড শালগজারি গাছের গুঁড়ি জব্দ করা হয়। পরে দুটি ট্রাফি-ট্রাক্টরে করে গুঁড়িগুলো বহেড়াতৈল রেঞ্জ কার্যালয়ে নিয়ে হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একলাস হায়াত সরোয়ার দীর্ঘদিন ধরে রাঁমখা বাংলা বাজারে তার মালিকানাধীন করাতকলে রাতের বেলায় অবৈধ ও চোরাই কাঠ চেরাই করে আসছেন। এ অবৈধ কাঠ ব্যবসার সঙ্গে স্থানীয় তুলা মিয়ার ছেলে ও রাঁমখা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি বিপ্লব মিয়া জড়িত বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের স‌ঙ্গে বারবার যোগা‌যোগ ক‌রেও বক্তব্য পাওয়া যায়নি।

বহেড়াতৈল রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমিউজ্জামান বলেন, মধ্যরাতে অভিযান চালিয়ে শালগজারির গুঁড়িগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার করা গুঁড়িগুলো বিপ্লব নামের স্থানীয় এক ব্যক্তির। তবে সাবেক কাউন্সিলর একলাস হায়াত সরোয়ারসহ অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অ‌বৈধভা‌বে শালগজা‌রি কাটার সঙ্গে আরও কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। তিনি আরও বলেন, এ ঘটনায় বন আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

আরিফুল ইসলাম/এমটিআই

বিজ্ঞাপন