বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা ও সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন মোশাররফ হোসেন। পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক আটক করা হলেও ট্রাকের চালককে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে।

মো. নাজমুল হাসান/এমটিআই

বিজ্ঞাপন