ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গতকাল রোববার (২৩ আগস্ট) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে জমিগুলো তলিয়ে যায়।
এছাড়াও আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি বাড়ায় বন্দরের বেশ কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাল-বিলে পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপণ করা হয়েছিল। তবে গতকাল থেকে উজানের ঢলের পানিতে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। দুই-তিন দিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির কোনো ক্ষতি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে।
জুয়েল রহমান/আরএআর
