বিজ্ঞাপন

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষা দিলেন নাটোরের সেই ৮ পরীক্ষার্থী

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষা দিলেন নাটোরের সেই ৮ পরীক্ষার্থী

ফরম পূরণে প্রতারণার শিকার হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা নাটোরের সেই আট শিক্ষার্থী সকল অনিশ্চয়তা ও ভোগান্তি শেষে অবশেষে এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী এই আট শিক্ষার্থী নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের। কলেজটির গ্রন্থাগারের অফিস সহায়ক অমিত কুমার সরকারের প্রতারণার কারণে তারা গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তারা দ্বিতীয় পরীক্ষা থেকে অংশ নেওয়ার সুযোগ পেলেও প্রথম পরীক্ষাটি নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। সোমবার সকল অনিশ্চয়তা কাটিয়ে তারা ওই একটি বিষয়ে পরীক্ষায় অংশ নেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোর্ডের বিশেষ ব্যবস্থায় এই শিক্ষার্থীদের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার ড. রবিউল ইসলাম জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থ প্রথমপত্র বিষয়ে পরীক্ষা হয়। এই পরীক্ষায় নাটোরের ৮ জনসহ মোট ৩৭ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৩৪ জন। তিনজন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন ছেলে এবং ৪  জন মেয়ে পরীক্ষার্থী।

প্রসঙ্গত, আব্দুলপুর সরকারি কলেজের এই আট শিক্ষার্থী গত ১২ মার্চ বিলম্ব ফিসহ ফরম পূরণের জন্য গেলে অফিস সহায়ক অমিত কুমার সরকার প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা করে নেন। কিন্তু তিনি ফরম পূরণ না করায় শিক্ষার্থীরা প্রবেশপত্র পাননি এবং প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেননি।

পরে বিষয়টি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তার সরাসরি হস্তক্ষেপে শিক্ষার্থীদের ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া হয়। 

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় অভিযুক্ত অফিস সহায়কের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে তিনি জানান।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আশিকুর রহমান/এসএইচএ