বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, সদর ও নাচোল উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দিনের বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, একজন অজ্ঞাতপরিচয় নারী এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিমে পাকা রাস্তার ধার থেকে বাবুল হোসেন (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে। 

স্থানীয় লোকজন রাস্তার ধারে মরদেহ দেখে খবর দিলে ভোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

ভোলাহাট থানার ইনচার্জ মো. আব্দুল বারিক জানান, ২৩ আগস্ট সন্ধ্যা থেকে ২৪ আগস্ট রাতের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি; পরিচয় শনাক্তের জন্য দেশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে।

একই দিনে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হাসদার ছেলে। বেলা ১২টার দিকে একটি স্থানে কাজ করার সময় বাঁশ কাটার একপর্যায়ে তা পাশের ৩৩ হাজার ভোল্টের তারের ওপর পড়লে সোহেল ঘটনাস্থলেই মারা যান।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আশিক আলী/এসএইচএ