বিজ্ঞাপন

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ, বাদ্যযন্ত্র-নাচানাচি নিষিদ্ধ

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ, বাদ্যযন্ত্র-নাচানাচি নিষিদ্ধ

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আয়োজনটি ঝাকজমকপূর্ণ করতে সভায় নানা সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। এরআগে ২০২৪ ও ২০২৫ সালে জেলায় নৌকাবাইচ হয়নি। 

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে-এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াত ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন, নৌকাবাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে নৌকাবাইচ আয়োজনে উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম চালাতে পারবেন না। বাদ্যযন্ত্র চালিয়ে নাচানাচিও করতে পারবে না।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এই বাইচ আয়োজন করতে চাই। 

মো. জুয়েল রহমান/এসএইচএ