বিজ্ঞাপন

চসিকের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

চসিকের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরের কোতোয়ালী থানার জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ১০০টিরও বেশি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং ফুটপাত সর্বসাধারণের চলাচলের উপযোগী করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে চসিক।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা প্রায় ১০০টি অবৈধ টং দোকান গুঁড়িয়ে দিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি টং দোকান জব্দ করা হয়। ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০টি মোটর বাইক এবং 'সাদিয়াস কিচেন' ও 'জুসবার'-সহ মোট ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে ১৪ ব্যক্তির কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উচ্ছেদ অভিযানের পরপরই পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ময়লা-আবর্জনা অপসারণ করে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এজি চার্চ স্কুল, চিটাগং সিনিয়র ক্লাব এবং চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় মশক নিধন কর্মকর্তার সহযোগিতায় মশার ওষুধ ছিটানো হয়।

অভিযান চলাকালে নগর পরিকল্পনা কর্মকর্তাকে রাস্তার উভয়পাশে দ্রুত গাছের চারা রোপণ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটেরিক টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় অংশ নেয়। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

আতিকুল হা-মীম/এমটিআই