বিজ্ঞাপন

মাদক কারবারী দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মহাসড়ক অবরোধ

মাদক কারবারী দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মহাসড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়িতে চিহ্নিত মাদক কারবারী এক দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এই দম্পতির মাদককারবারে অতিষ্ট হয়ে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে অবরোধ চলাকালে লিপি খাতুন (৩০) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হলে কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাইসমিল এলাকায় এ কর্মসূচী পালন করে স্থানীয়রা। পরে অবরোধের জেরে লিপিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পলাশবাড়ি থানা পুলিশ।

বিক্ষুদ্ধ স্থানীয়রা বক্তারা বলেন, উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের বাসিন্দা মিলন মিয়া ও তার স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি ওই দম্পতি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে এলাকায় আরও দাপটের সাথে মাদক বিক্রি শুরু করেন। সেখানে বাহিরের এলাকা থেকেই মাদক নিতে আসেন মাদকসেবীরা। যার নেতিবাচক প্রভাব পড়েছে এলাকায়।

এ ঘটনায় এলাকাবাসী বাধ্য হয়ে তাদের গ্রেপ্তার ও যথাযথ আইনগত ব্যবস্থাসহ ওই এলাকায় মাদক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে আঞ্চলিক মহসড়কের রাইস মিল এলাকায় সড়ক অবররোধ করেন। এসময় সর্বস্তরের শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দুই দিকেই শতশত যানবাহন আটকা পড়ে এবং চরম দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা।

পরে এ ঘটনায় পুলিশ বাধ্য হয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদককারবারী মিলনের স্ত্রী লিপি খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় মাদক ক্রয় ও সেবন করতে আসা মুন্না (৩০) ও শুভ (২৩) নামে দুই যুবককেও পুলিশ গ্রেপ্তার করে। পরে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, অবরোধ চলাকালে লিপি সহ তিনজনকে গ্রেপ্তারের পর অবরোধ প্রত্যাহার করেছে স্থানীয়রা। আটক বাকি দুজন গাইবান্ধা সদরের বাসিন্দা।

মাসুম বিল্লাহ/গাইবান্ধা

বিজ্ঞাপন