বিজ্ঞাপন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন (৬০) মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে ওইদিন বিকেলে শৈলকুপা শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনের ওপর হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলামসহ দুই থেকে তিন যুবক রড ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক রহিম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে ইলিয়াস হোসেন মোটরসাইকেলে করে হাজিমোড়ে পৌঁছালে কয়েকজন যুবক তার ওপর রড ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা বাধা দেন বলে অভিযোগ রয়েছে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, টিসিবির পণ্য বিতরণের সময় কারও দ্বারা আহত হয়ে ইলিয়াস কুষ্টিয়া চিকিৎসা নিচ্ছিল। এরপর তার মৃত্যু হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানতে পারিনি।

সম্রাট হোসেন/এমটিআই

বিজ্ঞাপন