বিজ্ঞাপন

স্ত্রীর মামলায় কারাগারে সাবেক এসিল্যান্ড

স্ত্রীর মামলায় কারাগারে সাবেক এসিল্যান্ড

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারকে যৌতুকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বিজয় কুমার জোয়ার্দার মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের পরিমল জোয়ার্দারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মাগুরা জেলা সদরের রক্কুরপাড়া গ্রামের গোপাল সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে কয়েক বছর আগে বিজয় কুমার জোয়ার্দারের বিয়ে হয়। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সুমি কাসারীর সঙ্গে বিজয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে।

মামলায় অভিযোগ করা হয়, মুক্তাকে চিকিৎসার জন্য ভারতে পাঠানোর পর বিজয় পরে সেখানে যাওয়ার কথা বলেন। ভারতে অবস্থানকালে মুক্তা জানতে পারেন, সুমি আশাশুনিতে বিজয়ের সঙ্গে অবস্থান করছেন। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত ভারত থেকে আশাশুনিতে ফিরে আসেন।

এরপর মুক্তার কাছে তার বাবার বাড়ি থেকে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ২৩ ফেব্রুয়ারি তাকে শারীরিক নির্যাতন করে পরদিন পর্যন্ত আটকে রাখার অভিযোগ করেন মুক্তা। পরে ২৫ ফেব্রুয়ারি সকালে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ ঘটনায় ৪ মার্চ স্বামী বিজয় কুমার জোয়ার্দার, শ্বশুর পরিমল কুমার জোয়ার্দার, শাশুড়ি ঊষা রানী জোয়ার্দার, ভাসুর পরিতোষ কুমার জোয়ার্দার ও সুমি কাসারীর নাম উল্লেখ করে আশাশুনি থানায় মামলা করেন মুক্তা সরকার।

মামলার পর বিজয় কুমার জোয়ার্দার হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অস্থায়ী জামিন লাভ করেন।

সোমবার আদালতে বিজয় কুমার জোয়ার্দারের পক্ষে আইনজীবী মো. মিজানুর রহমান পিণ্টু স্থায়ী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুজ্জামান বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বিজয় কুমার জোয়ার্দারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইব্রাহিম খলিল/এমটিআই

বিজ্ঞাপন