কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদরাসা শিক্ষার্থীকে ইয়াবা সেবনের দায়ে বহিষ্কার করা হয়েছে। তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উপজেলার অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনতার মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সম্প্রতি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থী ছুটির পর বহিরাগতদের সহায়তায় মাদরাসা কক্ষে এ ঘটনা ঘটান।
শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি বড়লই দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্টের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, মাদক সেবন এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ কারণে ওই শিক্ষার্থীকে ২৩ আগস্ট থেকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থী আবু সায়েদ ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
বহিষ্কৃত শিক্ষার্থী আবু সায়েদের বাবা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে অপরাধ করেছে। যার শাস্তি হিসেবে তাকে বহিষ্কার করেছে। এখানে আমার বলার কিছু নেই।
এ বিষয়ে বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটিসহ সবার মতামতের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে; এ বহিষ্কারাদেশটি তাদের জন্য সতর্কবার্তা ।
মমিনুল ইসলাম বাবু/এমটিআই
