বিজ্ঞাপন

কুমারখালীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু

কুমারখালীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।সোমবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পরিমল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভরা নদীতে তীব্র স্রোতের মাঝে বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল বড় সুতোয় বাঁধা বরশি দিয়ে নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ স্রোতে ডিঙি নৌকা উল্টে গেলে বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। এরপর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে জেলে নদীতে পড়ে যায়। এ সময় তার শরীরের বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শি সহ সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

রবিউল আলম ইভান/এমটিআই

বিজ্ঞাপন