বিজ্ঞাপন

নাটোরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নাটোরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় নিখোঁজের একদিন পর আনোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদ নগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল পাঁচপাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ফরিদ নগর এলাকায় সড়কের পাশে একটি পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরে তার পরিচয় শনাক্ত করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আনোয়ার হোসেন অটোরিকশা নিয়ে রোববার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। তাদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আশিকুর রহমান/এমটিআই

বিজ্ঞাপন