বিজ্ঞাপন

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২০) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে।

এ দুর্ঘটনায় আহত অপর দুই আরোহী একই গ্রামের সাব্বির শেখ (১৮) এবং তামিম হোসেন (২৮)। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন তার দুই বন্ধু একই এলাকার সাব্বির শেখ ও তামিম হোসেন। মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের তাড়াইল পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলে সালাউদ্দিন মোল্লা মৃত্যুবরণ করেন। আহত সাব্বির শেখ ও তামিম হোসেনকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত সালাউদ্দিন মোল্লার মামা আব্দুর রহমান জানান, সোমবার বিকেল তিনটার দিকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন সালাউদ্দিন। পরে সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. মামুনুর রশিদ জানান, অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জহির হোসেন/এমটিআই

বিজ্ঞাপন