বিজ্ঞাপন

গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালকও

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আবারও আহত হয়ে হাসপাতালে যুবক

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আবারও আহত হয়ে হাসপাতালে যুবক

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনার ফলে রোগী ও অ্যাম্বুলেন্সের চালকসহ চারজন আহত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক মোবারক হোসেন (৪৫) ও রোগী শিহাব হোসেন (২৫)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্য আহত দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শিহাবের নানা শাহ আলম (৭৪) এবং নানী রওশনারা বেগম (৬৫)।

ভাঙ্গা হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিহাব হোসেনকে নিয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা শেষ করে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাড়িতে ফিরছিলেন অ্যাম্বুলেন্সের যাত্রীরা।

এ সময় ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অ্যাম্বুলেন্সের চালকসহ চারজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও চালক গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জহির হোসেন/এমটিআই

বিজ্ঞাপন