বিজ্ঞাপন

জেলা পুলিশ

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যের বদলির সঙ্গে আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জেলা পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের ঝটিকা মিছিলের যোগসূত্র দেখিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে নিয়মিত বদলি হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জনকে বদলি করা হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়নি। গত ১৯ আগস্ট ও ২০ আগস্ট পৃথক দুটি আদেশে তাদের বদলি করা হয়। অর্থাৎ ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের আগেই বদলির আদেশগুলো স্বাক্ষরিত হয়েছিল।

ফলে যুবলীগের মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই ২৭ জনকে বদলি করা হয়েছে বলে যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

বদলি হওয়া ২৭ জনের মধ্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবল রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, তার বক্তব্যের বরাত দিয়ে শুধু বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। তবে যুবলীগের মিছিলের কারণে তাদের বদলি করা হয়েছে, এমন কোনো বক্তব্য তিনি দেননি এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসাও করা হয়নি।

তিনি আরও জানান, জনস্বার্থে জেলা পুলিশের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এ বদলি করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে প্রয়োজন অনুযায়ী নিয়মিত বদলি কার্যক্রম চলমান থাকে। ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জনের বদলিও সেই নিয়মিত কার্যক্রমের অংশ।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বদলির সঙ্গে যুবলীগের ঝটিকা মিছিলের সম্পর্ক স্থাপনের ঘটনায় জেলা পুলিশ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং প্রকাশিত তথ্যকে অসত্য বলে উল্লেখ করেছে।

এদিকে, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় মিন্টু কলেজ রোড এলাকায় আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই মামলায় কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

তবে জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই মিছিলের সঙ্গে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যের বদলি আদেশের কোনো সম্পর্ক নেই।

সাখাওয়াত সুমন/আরকে

বিজ্ঞাপন