রাজশাহীর পদ্মা নদীর চর থেকে একটি সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে পদ্মার সোনাইকান্দি বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু দুষ্কৃতিকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্রের চোরাচালান করবে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী সকল বিওপি হতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন স্থানে এ্যাম্বুস করে। দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সোনাইকান্দি বিওপি দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর এলাকায় আভিযানিক দলটি দেখতে পায় দুই চোরাকারবারি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে।
তখন বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে চোরাকারবারিদের কাছে থাকা একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে তল্লাশি করে ১টি সিঙ্গেল শুটার পিস্তল ও ১ রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানায়।
শাহিনুল আশিক/এসএইচএ
