সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে এফভি মায়ের দোয়া নামের ফিশিং বোটটি ১২ জন জেলেকে নিয়ে মাছ আহরণ করছিল। এ সময় সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি সাগরে ভাসতে থাকে।
পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে (২৪ আগস্ট) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটের এক জেলে ফোনে বিষয়টি মালিকপক্ষকে জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করা হয় এবং বোটে থাকা ১২ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধার করা বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে যেকোনো ধরনের বিপদে জেলেদের সহায়তায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
শেখ শামীম হাসান/এসএইচএ
