বিজ্ঞাপন

স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামীর করা মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে ওই নারী জামিন আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তানিয়া খাতুন জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি পেশায় একজন সেবিকা। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত। তার স্বামী মো. সাখাওয়াত হোসেন সোহান রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা দেনমোহরে বাদী সাখাওয়াত হোসেন সোহানের সঙ্গে আসামি তানিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা সংসার করছিলেন। বিয়ের সময় আসামিকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। অভিযোগ, পরবর্তীতে আসামি স্বর্ণালংকার বিক্রি করে পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে মানসিক নির্যাতন ও তালাক দেওয়ার হুমকি দিয়ে বাবার বাড়িতে চলে যান তানিয়া।

সর্বশেষ বাদী সাখাওয়াত কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে তানিয়ার বাবার বাড়িতে গিয়ে সংসারে ফেরার অনুরোধ করলে তিনি পাঁচ লাখ টাকা না দিলে সংসার করবেন না বলে জানান। পরে পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে তানিয়া টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হননি। 

এ ঘটনায় সাখাওয়াত হোসেন সোহান চলতি বছরের ২২ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দির আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় তার স্ত্রী তানিয়া খাতুনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। থানার ওসি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামি তানিয়া জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ 

বিজ্ঞাপন