সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে থাকে। তবে এতে সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনন্দ দাস সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বাসের ধাক্কায় পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে কাত হয়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানায় জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নেবে।
ইব্রাহিম খলিল/এসএইচএ
