পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশিদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। প্রায় দেড় দশক ধরে তার পদোন্নতি থেমে ছিল।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর
