বিজ্ঞাপন

মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত অভিযান চলবে : ডিআইজি

মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত অভিযান চলবে : ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেগবান করা হবে। মাদক সমাজকে কলুষিত করছে এবং এর ভয়াবহ প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক ক্ষতি করছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের প্রভাবে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে খুনের মতো অপরাধও করে ফেলছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

ডিআইজি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খাগড়াছড়ি টাউনহলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। পরে শহরে একটি মাদক বিরোধী র‌্যালি বের করা হয়।

সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পরে মাদকবিরোধী র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের বার্তা আরও জোরালো হয়ে ওঠে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহজাহান/এসএইচএ