বিজ্ঞাপন

যশোরে ৪৪ লাখ টাকার সোনার বারসহ আটক ১

যশোরে ৪৪ লাখ টাকার সোনার বারসহ আটক ১

যশোরে ৪৪ লাখ টাকা মূল্যের ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ময়ুর (৪২) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ময়ুরকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার পাওয়া যায়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।

উদ্ধার করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা। এছাড়া স্মার্ট মোবাইল ফোনের মূল্য ১০ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬০০ টাকাসহ জব্দ করা সামগ্রীর মোট সিজার মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ময়ুরের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ 

বিজ্ঞাপন