জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটারে সংযোগের তার, এসির তারসহ বাইরে থাকা এসির আউটডোর ইউনিটসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল সোমবার (২৪ আগস্ট) বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান এই অভিনেতা। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, পুরো পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যেই তিনি ফরিদপুর শহরের বাড়িতে ছুটে আসেন। কামরাঙ্গা নামের এই বাসভবনের চতুর্দিকে দেয়ালের প্রাচীর রয়েছে এবং ভেতরে একটি দোতলা ভবনসহ বাগানও রয়েছে।
তিনি বলেন, এটি আমার জন্মস্থান, মাঝেমধ্যে যে কারণে ছুটে আসি। তাতে মাসে দুই-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি আলো জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা এসির বেশ কিছু মালামালও নেই।
এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা প্রকাশ করে ফজলুর রহমান বাবু বলেন, শুধু আমার বাড়িরই নয়, অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। আমাদের এখানে এমন ছিল না, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গেছে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায় আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবুর বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় তিনি নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।
জহির হোসেন/আরএআর
