বঙ্গোপসাগরে বরগুনার একটি ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের পাশে থাকার আশ্বাস দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইফ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, এ ব্যাপারে আমি তদারকি করছি। প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছি। যাতে উদ্ধার তৎপরতা জোরদার হয়। পাঁচ জনের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অনুসন্ধান চলছে, যাতে অনতিবিলম্বে তাদের উদ্ধার করতে পারি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার সাংবাদিকদের একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, বরগুনার পাথরঘাটা আমার উপজেলা, সেখানে একটি ট্রলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ১৩ জন জেলে নিখোঁজ ছিল। তার মধ্যে উদ্ধারকারী দল ইতোমধ্যে ৮ জনকে উদ্ধার করেছে। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে জেলেরা আমার খুব আপন মানুষ এবং এরা খুবই অসহায়। এসব অসহায় জেলেদের পাশে আমি সবসময় আছি। সে যে ধর্মেরই হোক, আমাকে ভোট দেন অথবা না দেন। তাদের পাশে আমি আছি এবং থাকবো। এবং সব ধরনের সহযোগিতা যা দরকার, তা আমার তরফ থেকে ইনশাআল্লাহ হবে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য যারা আছেন যাদের সহযোগিতা করার সুযোগ আছে আপনারা তাদের সহযোগিতা করবেন। জেলেরা যাতে তাড়াতাড়ি উদ্ধার হতে পারে সেই প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বরগুনার পাথরঘাটা থেকে গত চারদিন আগে ১৩ জন জেলে এফ,বি বরকত নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান। পরবর্তীতে গতকাল সোমবার সমুদ্রের মধ্যে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি নোঙর করেন জেলেরা। এরপর ওইদিন দুপুরের দিকে সাগরে আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ঢেউয়ে হঠাৎ ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়।
ওই সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জেলে সাঁতারে নিকটবর্তী অন্য আরেকটি ট্রলারে উঠতে পারলেও বাকি ৫ জন জেলে নিখোঁজ হন। তবে এ ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ ওই জেলেদের।
মো. আব্দুল আলীম/বিআরইউ
