বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কারের জন্য খালে নেমে নিখোঁজের একদিন পর আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টি সংলগ্ন খাল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্য জেলা হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে পৌর শহরের কামারপট্টি এলাকার সংলগ্ন খালে কয়লা পরিষ্কারের জন্য নেমে নিখোঁজ হন তিনি।
শ্রমিক আউয়াল মাঝি মোরেলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় একটি কামারের দোকানের অনিয়মিত শ্রমিক ছিলেন।
মোরেলগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, নিখোঁজের খবরের পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি শুরু করে। সকাল আটটার দিকে নিখোজের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণ পদ সরকার বলেন, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্য জেলা হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
শেখ শামীম হাসান/আরকে
