বিজ্ঞাপন

বগুড়ায় বাসি তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ৩ জন

বগুড়ায় বাসি তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ৩ জন

বগুড়ার ধুনটে কবুতরের মাংস ও পাঙাশ মাছের তরকারি খেয়ে শাহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম (৫০), মেয়ে সাথী খাতুন (২৩) ও জামাই সুমন মিয়া (২৫) অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর বেগমের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিজতলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে মরিজতলা গ্রামের সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে সাথী খাতুন ও জামাই সুমন মিয়াসহ পরিবারের সদস্যরা কবুতরের মাংস ও পাঙাশ মাছের রান্না করা তরকারি দিয়ে ভাত খান। খাওয়ার পর অবশিষ্ট তরকারি একটি পাতিলে রেখে দেওয়া হয়। পরদিন সকালে তারা আবার ওই তরকারি দিয়ে ভাত খান।

খাবার খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের চার সদস্যের পেটে ব্যথা শুরু হয়। পরে তাদের ডায়রিয়া দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর বেগমের মৃত্যু হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাবারের বিষক্রিয়ার উপসর্গ নিয়ে চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খাবারের বিষক্রিয়ায় একজনের মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আব্দুল মোমিন/আরকে

বিজ্ঞাপন