বিজ্ঞাপন

বরিশালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

মৃত দুই শিশুর মধ্যে একজন ছয় মাস বয়সী তূর্জ বল্লভ। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। অপর শিশুটি চার মাস বয়সী হুমায়েরা। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে প্রায় ১৫ হাজার ৮১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৫২ জন।

এদিকে চলতি বছরে বিভাগের ছয় জেলায় বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। তাদের মধ্যে ১৯ জন শিশু। বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আরিফ হোসেন/আরকে

বিজ্ঞাপন