চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সরকারি কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা সার্কিট হাউসে এ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের দুই হাত ধরে ঘটনাটির ব্যাখ্যা দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন। এ সময় উপস্থিত জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বিএনপি নেতা রফিকুল ইসলামকে উদ্দেশ্যে করে বলেন, ‘এটা দলীয় কোনো প্রোগ্রাম নয়, বেয়াদবি করার জায়গা পান না।’
এর জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘বেয়াদবি আপনি করছেন, বেয়াদবি আপনি করবেন না।’ পরবর্তীতে তিনি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দিকে ফিরে প্রশ্ন তোলেন, ‘আপনি আসলেন কিন্তু জেলা প্রশাসক (ডিসি) সাহেব কেন আমাদের জানালেন না?’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যান।
ঘটনার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, কোনো প্রতিমন্ত্রী জেলা সফরে আসলে সরকারি প্রটোকল অনুযায়ী জেলা বিএনপিকে অবহিত করা জেলা প্রশাসকের দায়িত্ব। কিন্তু তিনি সেটি করেননি। জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি কাউকেই জানানো হয়নি। জেলা প্রশাসক কেন আমাদের জানাননি— শুধু সেই বিষয়টি জানতে ও দেখা করতেই আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সার্কিট হাউসে গিয়েছিলাম। এর বাইরে অন্য কিছু ঘটেনি। বিষয়টি বিএনপির হাইকমান্ডকে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, এটি কোনো রাজনৈতিক কিংবা সুশীল সমাজের সভা ছিল না। এটি ছিল প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ‘স্কুল ফিডিং’ কর্মসূচি নিয়ে একটি জেলা পর্যায়ের মতবিনিময় সভা। সেখানে মূলত জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নির্দিষ্ট কিছু অতিথি আমন্ত্রিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিবের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।
প্রসঙ্গত, বুধবার জেলা শহরের শহীদ সার্টু হলে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আশিক আলী/আরএআর
