ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৩ টনের একটি মালবাহী ট্রাক বিকল হয়ে প্রায় ৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে লাঙ্গলবন্ধ ব্রিজে ট্রাকটি বিকল হয়ে পড়লে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কটিতে যানজট অব্যাহত রয়েছে।
বুধবার রাত ১১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রিজ থেকে নয়াবাড়ি পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। কোনো কোনো স্থানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগী, নারী ও শিশুদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা গেছে।
গজারিয়াগামী যাত্রী সালাউদ্দিন বলেন, ‘রাত ৯টায় রওনা দিয়েছি। এখনো মালিবাগ পার হতে পারিনি। ১ ঘণ্টার পথ তিন ঘণ্টায় শেষ হবে কি না, সন্দেহ আছে।’

চাঁদপুরগামী আরেক যাত্রী সাফিয়া বেগম বলেন, ‘বাসে ছোট বাচ্চা নিয়ে আটকে আছি। গরমে দীর্ঘ সময় ধরে গাড়ি না চলায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, রাত ৯টায় লাঙ্গলবন্ধ ব্রিজের মাঝে একটি বড় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য লরি পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে মহাসড়কে যানজট স্বাভাবিক করা হবে।
মো. মীমরাজ হোসেন/বিআরইউ
