বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন : মঈন খান

প্রধানমন্ত্রী বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন : মঈন খান

প্রধানমন্ত্রী বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্রদের সহায়তার যে নতুন ধ্যানধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চালু করেছেন, তা রাসুল (সা.)-এর শিক্ষা থেকে এসেছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে ড. আব্দুল মঈন খান বলেন, ‘একটি সরকারের জন্য ৬ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম ৬ মাসের ভেতরে তারেক রহমান নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করেছেন। আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র ৬ মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এ দেশের দুস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। কেন করেছি? এটা তারেক রহমানের রাষ্ট্রীয় নীতি। এর ফলশ্রুতিতে আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি।’

প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলোর মাধ্যমে তিনি ইসলামের সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন! কেন জানেন? এই যে কৃষক কার্ড বলছি, ফ্যামিলি কার্ড বলছি, যার মাধ্যমে এ দেশের দরিদ্র মানুষের কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে নতুন কিছু ধ্যানধারণার সৃষ্টি এবং প্রচলন প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রাসুলে করিমের শিক্ষা থেকে এসেছে। কাজেই আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথে হাঁটছি।’

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান।

আমিনুর রহমান সাদী/বিআরইউ