ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় কানে বিষধর সাপের কামড়ে পার্থ কুমার সেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পার্থ কুমার সেন শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের সুজিত কুমার সেনের ছেলে। সে বসন্তপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নিজের ঘরে ঘুমিয়েছিল পার্থ। এ সময় একটি বিষধর সাপ তার কানে কামড় দেয়। সাপের কামড়ে চিৎকার করে ঘুম ভেঙে যায় তার। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৭টার দিকে পার্থকে অ্যান্টিভেনম দেওয়া হয়। তবে এরপরও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত পার্থের বাবা সুজিত কুমার সেন বলেন, সকালে ঘুমন্ত অবস্থায় আমার ছেলেকে সাপে কামড় দেয়। আমরা দেরি না করে দ্রুত শৈলকুপা হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার ৩০ থেকে ৪০ মিনিট পর অ্যান্টিভেনম দেওয়া হয়। কিন্তু ছেলের অবস্থার অবনতি হতে থাকে। পরে কুষ্টিয়া নিয়ে গেলে বিকেলে সে মারা যায়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল-মামুন বলেন, সঠিক সময়ে অ্যান্টিভেনম দেওয়া হলেও নানা কারণে রোগীর মৃত্যু হতে পারে। যেহেতু কানে সাপটি কামড় দিয়েছিল, তাই দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া জরুরি ছিল। যা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া সম্ভব নয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’
সম্রাট হোসেন/বিআরইউ
