রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে প্রোগ্রাম চলাকালে সিটে বসা নিয়ে রসায়ন ও ম্যানেজমেন্ট বিভাগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে রসায়ন বিভাগের ৯ জন ম্যানেজমেন্টের বিভাগের ৬ জন শিক্ষার্থী।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে সংঘর্ষে ঘটনা ঘটে।
এ ঘটনায় রসায়ন বিভাগের ফেদৌস, শামিম, সাজিদুল, সায়হান, নোমান, সুজয়, মেহেদী, আসাদ ও আরাফাত এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জাহিদ, শাওন, তন্ময়, মনির, উসাই মং, সজল ও আনোয়ার আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (২০২৫-২৬) শিক্ষাবর্ষের সনাতন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও রসায়ন বিভাগের দুই নবীন শিক্ষার্থীর মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। সেখানে বিষয়টি সমাধান করে দেন। পরে আবারও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে রাত ৯টার দিকে মারধর করেন। পরে রাত ১০টার দিকে ওই দুই শিক্ষার্থী নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের জড়ো করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় রবীন্দ্র ভবনের শিক্ষকদের অফিস কক্ষ এবং জাবীর ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
জুবায়ের জিসান/আরকে
