বিজ্ঞাপন

রাজশাহীতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহীতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহীতে ভাতিজার হাঁসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জেলার পবা উপজেলার দাধপুরের বাগিচাপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী একই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে। এই ঘটনায় আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নিহত ইদ্রিসের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাঠে কৃষি কাজ করতে গিয়ে মূলত বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রথমে নিহত ইদ্রিস আলীর ছেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ইদ্রিসের ছেলের পক্ষ নেয় ভাতিজা আফজাল হোসেন। এক পর্যায়ে ভাতিজা আফজাল হাঁসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেয়। এতে তার এক পায়ের উড়ুর উপর মারাত্মক হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হাসপাতালের মর্গের সমনে কথা হয় নিহতের স্বজনদের সঙ্গে। এসময় তারা জানান, আমরা বাড়িতে কাজ করছিলাম। মারামারির কথা শুনে এসে দেখি ইদ্রিস আলীর পা রক্তাক্ত হয়ে আছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন। তার মরদেহের ময়নাতদন্ত হবে, তাই আমরা বসে আছি। 

এ বিষয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিও আহত হয়েছে। সে পুলিশ হেফাজতে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

শাহিনুল আশিক/এসএইচএ

বিজ্ঞাপন