বিজ্ঞাপন

হাউসবোট থেকে গোসল করতে নেমে নিখোঁজ, দেড় ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

হাউসবোট থেকে গোসল করতে নেমে নিখোঁজ, দেড় ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে গোসল করতে পানিতে লাফ দেওয়ার পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার শাহমখদুম উপজেলার মধ্য নওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের সঙ্গী ও হাউসবোটের সদস্যদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ১০ বন্ধু টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে একটি হাউসবোটে রওনা হন। পথে প্রয়োজনীয় খাবার ও মালামাল কেনার জন্য হাউসবোটটি তাহিরপুরের লামাগাঁও বাজার ঘাটে নোঙর করে। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে যান।

এর মধ্যে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসল করতে পানিতে লাফ দেন। কিন্তু পানিতে নামার পর তিনি আর ভেসে ওঠেননি। বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা তার সঙ্গী ও স্থানীয়রা পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তামিম রায়হান/এমএমবি