বিজ্ঞাপন

বৈষম্য দূর করে পাহাড়ি-বাঙালির সুষম উন্নয়নে কাজ করব : দীপন তালুকদার

বৈষম্য দূর করে পাহাড়ি-বাঙালির সুষম উন্নয়নে কাজ করব : দীপন তালুকদার

‎রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর বৈষম্য ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন এবং পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে রাঙামাটি ফেরার পথে জেলার প্রবেশমুখ কাউখালীর বেতবুনিয়া থেকে জেলা শহর পর্যন্ত বিভিন্ন স্থানে দেওয়া সংবর্ধনার সময় তিনি এসব কথা বলেন।

‎দীপন তালুকদার বলেন, আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমার দায়িত্ববোধকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করে পাহাড়ি-বাঙালি সকলের উন্নয়নের জন্য কাজ করব। বৈষম্য ও দুর্নীতিমুক্ত পার্বত্য জেলা পরিষদ গঠন করাই হবে আমার মূল লক্ষ্য।

‎তিনি আরও বলেন, রাঙামাটির সব সম্প্রদায়ের মানুষের সুষম উন্নয়ন, যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করে যাব। সবার সহযোগিতায় রাঙামাটিকে একটি আধুনিক ও মডেল জেলায় পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দীপন তালুকদার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর রাঙামাটিতে তার প্রথম আগমন ঘিরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বিভিন্ন এলাকায় ব্যাপক সংবর্ধনার আয়োজন করা হয়। বেতবুনিয়া, রানীরহাট, কাউখালী ও ঘাগড়াসহ বিভিন্ন স্থানে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপেক্ষায় ছিলেন।

পরে শত শত মোটরসাইকেল ও গাড়ির বহরে মোটর শোভাযাত্রা করে দীপন তালুকদারকে রাঙামাটি শহরে নিয়ে আসেন নেতাকর্মীরা। বেতবুনিয়া থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সুগারমিল, রানীরহাট, ঘাগড়া, কলেজ গেট, বনরূপা ও কাঁঠালতলীসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিকেল ৩টার দিকে দীপন তালুকদার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দীপন তালুকদার দীপুকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়।

‎মোস্তফা কামাল রাজু/এসএইচএ