মক্কা চুক্তি প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, দেশের স্বার্থে সরকার জনগণের মতামত নিয়ে এ ধরনের কোনো উদ্যোগে যুক্ত হতে পারে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে সাথী সমাবেশ সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সিবগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ গণভোটে যে মতামত দিয়েছেন, সেটিও বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিয়ে নির্বাচনে জয়ী করেছে। আমরা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাইরেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করেছি এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি এনামুল হাসান, জেলা অফিস সম্পাদক মাইনুল আহসান, জেলা সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভা শাখার আমীর মনিরুজ্জামান, সেক্রেটারি নাজমুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচএ
