বিজ্ঞাপন

সরকারি ভর্তুকির ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সরকারি ভর্তুকির ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স রহমান এন্টারপ্রাইজ নামের এক দোকান থেকে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকানের  মালিক মো. হাসান বসরী (৩৪) নামে এক ব্যবসায়ীকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজারে অভিযান চালিয়ে সার জব্দ ও ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটক হাসান বসরী ডাংধরা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের শাহ জামালের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বিজিবির একটি টহল দল রৌমারী হাইওয়ে সড়ক সংলগ্ন বাঘারচর বাজার এলাকায় একটি গাড়িতে বিপুল পরিমাণ ডিএপি সার দেখতে পায়। পরে সারগুলো সম্পর্কে খোঁজ নিয়ে হাসান বসরীর পরিচয় ও ঠিকানা লিপিবদ্ধ করে সারগুলো তার দোকানে রাখার হয় বলে জানা যায়। পরে আজ দুপুরে বিজিবি সদস্যরা তার দোকান ঘেরাও করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ থেকে হাসান বসরীকে আটক করে। এ সময় দোকানে থাকা ৪০ বস্তা ডিএপি সার পাওয়া যায়। পরে সারের বস্তাগুলো জব্দ ও তাকে আটক করা হয়। তারপর দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়। আটক ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, দুপুরে খবর পেয়ে আমরা কাউনিয়ার চর বাজারে যাই। সেখানে গিয়ে মেসার্স রহমান এন্টারপ্রাইজে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত ডিএপি সার দেখতে পাই। পরে সারসহ তাকে আটক করা হয়েছিল।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ জহুরুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত ৪০ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে ৫১ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা সরকারি সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আর হাসান বসরী জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাঁধন হোসেন/এসএইচএ