বিজ্ঞাপন

বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছেন। কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

নিহত আকিমুন ইসলাম ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। তিনি বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় পরিচালিত বিদ্যুৎ ফুলবাড়ী উপজেলায় সরবরাহ বন্ধ ছিল। এতে তীব্র গরমে স্থানীয়রা ঘর থেকে ছুটে আসে গাছতলায়। শিক্ষার্থী আকিমুন ইসলাম তার বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়ায় ও একটি বাঁশ গাছ ধরে প্রতিবেশীদের সাথে গল্পে মেতে ওঠেন। তার হাতে ধরা বাঁশগাছটির সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল সেটি তিনি জানতেন না। এরই মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ এলে আকিমুন কাঁচা বাঁশ গাছে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়েন। এ সময় উপস্থিত প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুল ইসলাম শিক্ষার্থী আকিমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

মমিনুল ইসলাম বাবু/আরএআর