টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তার কোলে থাকা এক বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান আঁখি মির্জাপুর উপজেলার দেওভোগ গ্রামের শুভ তালুকদারের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার আদাবাড়ি গ্রামে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে পাহাড় কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম বলেন, সন্ধ্যায় ট্রাকের চাপায় মা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরিফুল ইসলাম/এসএইচএ
