বিজ্ঞাপন

সেচ পাম্পের ঘরে মিলল তরুণীর মরদেহ

সেচ পাম্পের ঘরে মিলল তরুণীর মরদেহ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুপসী আক্তার মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার সাইরুদ্দিন শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোপা আমন ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য স্থানীয় এক কৃষক সেচ পাম্প চালু করতে ঘরে যান। এ সময় তিনি সেচ পাম্পের ঘরের একটি চৌকির ওপর রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা পাশা বলেন, সকালে শুনতে পাই সেচ পাম্পের ঘরে একটি মেয়ের মরদেহ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে এসে বিষয়টি সত্য দেখতে পাই। মেয়েটির মুখ দিয়ে রক্ত বের হওয়ার মতো দেখা যাচ্ছিল। মরদেহের পাশে মাটিতে একটি ওড়নাও পড়ে ছিল। এখানে ওই মেয়ের এমনিতেই আসার কথা নয়। রাতে কেউ তাকে এখানে এনে হত্যা করেছে বলে ধারণা করছি।

নিহতের বাবা সাইরুদ্দিন শেখ বলেন, কাজের সুবাদে তিনি জামালপুরে থাকেন। বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে বাড়িতে ফেরেন। রাত সাড়ে ১০টার দিকে মেয়ের খোঁজ নিয়ে তাকে বাড়িতে পাননি। রাত হয়ে যাওয়ায় তখন আর খোঁজাখুঁজি করেননি। সকালে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান। তবে কারও ওপর তার সন্দেহ নেই।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অল্প সময়ের মধ্যেই মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হবে।

বাঁধন হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন