পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে MTU-2-তে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে প্রকল্পের নিকিমথ কোম্পানির OOUKS ভবনে ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে আনুমানিক ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ের মাংসপেশি ছিঁড়ে যায়।
দুর্ঘটনার পর কোম্পানি এলাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি পরে জানতে পেরেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএইচএ
