সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার দেবীশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে চালক তার আগেই পালিয়ে যান। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইব্রাহিম খলিল/এসএইচএ
