পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ঘোষিত কমিটির নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে কর্মসূচি পালন করতে গেলে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করে বলেন, দুমকির মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দুজন ব্যবসায়ীকে। জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করায় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল বলেন, আমাদের কেন্দ্রীয়ভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এর আগে, নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি—এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অন্যদিকে, নবঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি পক্ষ আনন্দ মিছিল করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ গিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এদিকে পটুয়াখালী জেলায় যুবদলের কমিটি না থাকায় এ বিষয়ে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলার কমিটি সরাসরি কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষিত হয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় কোনো দায়িত্বশীল নেতা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ
