কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২ দিন পর মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের একটি চরে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
কক্সবাজার জেলা প্রশাসনে নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোহাম্মদ ইব্রাহিম খান ঢাকার মানিকদী ক্যান্টনমেন্ট এলাকার বাহাদুর খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাদিয়া দ্বীপের চরে মরদেহটি দেখতে পান স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা। খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে কোস্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে দুপুর ১টার দিকে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, গত বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইব্রাহিমসহ কয়েকজন পর্যটক কক্সবাজার সমুদ্রে অভিজাত আবাসিক হোটেল জলতরঙ্গের পয়েন্টসংলগ্ন সাগরে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে দুজন ভেসে যান। পরে ইয়াছিন খান (২৫) নামে একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ইব্রাহিম নিখোঁজ ছিলেন।
মাহবুব আলম আরও জানান, আইজেডকেপি কোম্পানিতে কর্মরত প্রায় ১১০ জনের একটি দল গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিলেন। বুধবার দলটির কয়েকজন সদস্য জলতরঙ্গ হোটেলসংলগ্ন সৈকতে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম নিখোঁজ হওয়ার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে তার সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। পরে সোনাদিয়া দ্বীপের একটি চরে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।
বিচকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে অন্তত সাতজন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।
ইফতিয়াজ নুর নিশান/এমএমবি
